দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের দেওয়া ১০ দফা যুদ্ধবিরতি প্রস্তাবের একটি গুরুত্বপূর্ণ শর্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে ইসরাইল। প্রস্তাবটির দশম দফায় লেবাননসহ সব রণাঙ্গনে সংঘাত বন্ধের কথা বলা হলেও তা মানতে রাজি নয় তেল আবিব। খবর আল জাজিরার।
বুধবার দখলদার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ইরানের বিরুদ্ধে হামলা সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্তকে সমর্থন করছে ইসরাইল। তবে দুই সপ্তাহের এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ফলে সেখানে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে তারা সমর্থন করছেন। এর লক্ষ্য হলো ‘ইরান যেন আর যুক্তরাষ্ট্র, ইসরাইল, ইরানের আরব প্রতিবেশী এবং বিশ্বে পারমাণবিক, ক্ষেপণাস্ত্র ও সন্ত্রাসী হুমকি সৃষ্টি করতে না পারে।’
তিনি আরও জানান, ইসলামাবাদে শুক্রবারের আলোচনায় এসব লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে তাদের জানানো হয়েছে। তবে স্পষ্ট করে বলা হয়েছে, এই যুদ্ধবিরতি লেবাননকে অন্তর্ভুক্ত করছে না, যদিও এটি ইরানের প্রস্তাবের অংশ।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, যুক্তরাষ্ট্র, ইরান ও তাদের মিত্ররা লেবাননসহ সর্বত্র তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং এটি কার্যকর হয়েছে।
গত ২ মার্চ ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের ওপর হামলা চালানোর পর লেবানন এই সংঘাতে জড়িয়ে পড়ে। হিজবুল্লাহ জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার প্রতিশোধ এবং ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়।
লেবাননের কর্তৃপক্ষের তথ্যমতে, ২ মার্চ থেকে ইসরাইলের হামলায় দেশটিতে দেড় হাজারের বেশি মানুষ নিহত এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালিয়ে ‘বাফার জোন’ তৈরির লক্ষ্যে আরও এলাকা দখলের চেষ্টাও চালাচ্ছে ইসরাইল।
এ বিষয়ে এখনো হিজবুল্লাহ বা লেবাননের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরান বা যুক্তরাষ্ট্রও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
এমএস/